মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত মাগুরা সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাশিনাথপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ শাহীন আলম (৪৬), তাঁর স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং সদর উপজেলার নন্দলালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে খালিদ হাসান (৩১)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাশিনাথপুরে শাহীন আলমের বসতঘরের শয়নকক্ষে অভিযান পরিচালনা করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা, নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, তাঁরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার মোঃ শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ পূর্বে মোট ছয়টি এবং তাঁর স্ত্রী সাথী খাতুনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।
মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।