https://www.dailyshamolbangla.com/
চট্টগ্রামের কর্ণফুলীতে অনুমোদনহীনভাবে পরিচালিত একটি গ্যাস সিলিন্ডারের গোডাউনে অভিযান চালিয়ে কার্যক্রমকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আমিরুল মোস্তফা। এ সময় অভিযানে অংশ নেওয়া অন্যান্য কর্মকর্তারাও একাধিকবার গোডাউনের কার্যক্রমকে অবৈধ বলে উল্লেখ করেন। সিলিন্ডার, গ্যাস স্থানান্তরের মেশিন ও অন্যান্য সরঞ্জাম থানায় নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরই বদলে যায় অভিযানের সিদ্ধান্ত। শেষ পর্যন্ত কোনো সরঞ্জাম জব্দ, গোডাউন সিলগালা কিংবা আইনগত ব্যবস্থা ছাড়াই ঘটনাস্থল ত্যাগ করেন কর্মকর্তারা। এ ঘটনায় প্রশাসনের অভিযানের কার্যকারিতা ও সিদ্ধান্ত পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের জামতলা এলাকায় অবস্থিত ওই গ্যাস সিলিন্ডারের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। গোডাউনটি মো. মিজান নামে এক ব্যক্তির বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, গোডাউনটিতে একটি সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করে পুনরায় বাজারজাত করা হতো। পাশাপাশি কম দামি ব্র্যান্ডের সিলিন্ডার থেকে বেশি দামের ব্র্যান্ডের সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রির অভিযোগও রয়েছে।
অভিযানে গোডাউনের ভেতরে গ্যাস স্থানান্তরের মেশিন, ট্রান্সফার ক্যাবল, সিলিন্ডারের মুখে লাগানোর স্টিকার, ওজন মাপার যন্ত্র, অন্যান্য সরঞ্জামসহ ২৬৯টির বেশি সিলিন্ডার পাওয়া যায়। এর মধ্যে কিছু খালি এবং কিছু গ্যাসভর্তি ছিল। সিলিন্ডারের মুখে পানি ও সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হতেও দেখা যায়। এ ছাড়া ঘটনাস্থলে থাকা দুটি অটোরিকশার একটিতে গ্যাস সিলিন্ডার বোঝাই ছিল। অভিযোগ রয়েছে, অভিযান শুরুর আগমুহূর্তেও সেখানে গ্যাস স্থানান্তরের কাজ চলছিল।
গোডাউনে দীর্ঘদিন ধরে কাজ করছেন বলে পরিচয় দেওয়া এক কর্মচারী জানান, সেখানে প্রতিদিন ৬০ থেকে ৭০টি সিলিন্ডারে গ্যাস স্থানান্তর বা কাটিং করা হয়। একপর্যায়ে তিনি এ কার্যক্রমকে অবৈধ বলেও স্বীকার করেন। তাঁর বক্তব্যের অডিও-ভিডিও রেকর্ড সংবাদকর্মীদের কাছে সংরক্ষিত রয়েছে।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আমিরুল মোস্তফা গোডাউনের কার্যক্রমকে অবৈধ ঘোষণা করেন। তিনি জানান, সেখানে ব্যবহৃত গ্যাস স্থানান্তরের মেশিন অবৈধ এবং সিলিন্ডার রাখার পরিবেশও অনিরাপদ। বিস্ফোরক পরিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্সসহ অন্যান্য অনুমোদনপত্র ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো অনুমোদনপত্র দেখাতে না পারায় পুলিশকে সিলিন্ডার ও সরঞ্জামগুলো থানায় নিয়ে আদালতে পাঠানোর নির্দেশ দেন তিনি। অভিযানে অংশ নেওয়া অন্য কর্মকর্তারাও একাধিকবার কার্যক্রমটিকে অবৈধ বলে উল্লেখ করেন। এসব বক্তব্যের অডিও-ভিডিও রেকর্ডও সংরক্ষিত রয়েছে।
এরপর সিলিন্ডার ও সরঞ্জাম পরিবহনের জন্য গাড়ির অপেক্ষা চলছিল। এমন সময় ঘটনাস্থলে আসেন শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিউল্লাহ। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে সিলিন্ডার ও সরঞ্জাম থানায় নেওয়ার নির্দেশ দিলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তার কথা জানান। পরে দুজনের মধ্যে কয়েক দফা আলোচনা হয়। আলোচনার পর জানানো হয়, সেখানে কী ধরনের কাজ হচ্ছিল, তা তাঁরা দেখেননি; তাই কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। অথচ এর আগেই অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা কার্যক্রমকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছিলেন। শেষ পর্যন্ত ২৬৯টি সিলিন্ডার, মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ না করেই অভিযান শেষ হয়।
এদিকে অভিযান চলাকালে সংবাদকর্মীদের ভিডিও ধারণে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। প্রথমে ভিডিও ধারণে নিষেধ করা হয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তা বক্তব্য দেওয়ার পর অনুমতি দেওয়া হলেও গোডাউনের মেশিন ও সরঞ্জামের ভিডিও ধারণ করতে গেলে আবারও বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন উপস্থিত সাংবাদিকরা।
আইন ও নিরাপত্তার বিধান কী বলছে?
এলপিজি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ, ব্যবহার ও বাজারজাতকরণের ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তাবিধি ও অনুমোদন অনুসরণ করা বাধ্যতামূলক। প্রচলিত বিধান অনুযায়ী, একটি সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করে ভরা, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া গ্যাসপূর্ণ সিলিন্ডার মজুদ এবং অনিরাপদ পরিবেশে গ্যাস সংরক্ষণ জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের কার্যক্রমের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার বিধান রয়েছে। ফলে গোডাউনটিতে গ্যাস স্থানান্তরের অভিযোগ, মজুদের বৈধতা এবং নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য কর্মকর্তারা কার্যক্রমকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পরও কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? পুলিশ ফাঁড়ির ইনচার্জের সঙ্গে আলোচনার পর কী কারণে অভিযানের সিদ্ধান্ত পরিবর্তন হলো? জননিরাপত্তার ঝুঁকি থাকার পরও কেন গোডাউনটি সিলগালা করা হলো না?
স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত, গোডাউনের বৈধতা ও প্রয়োজনীয় লাইসেন্স যাচাই এবং গ্যাস স্থানান্তরের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী এসএম আমিরুল মোস্তফা বলেন আমরা অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করি, তবে এখানে কি ধরনের কাজ সংঘটিত হচ্ছিল তা নিজ চোখে দেখিনি, পরবর্তীতে নজরদারিতে রাখা হবে।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অভিযান পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে জানিয়েছেন, ঘটনাস্থলে অবৈধ কোনো কিছু পাওয়া যায়নি। এ কারণে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগের পক্ষে যাঁরা তথ্য দিয়েছেন, তাঁদের দেওয়া তথ্যও সঠিক ছিল না বলে তাঁকে জানানো