https://www.dailyshamolbangla.com/
চট্টগ্রামে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নগরের রসুলবাগ এলাকার মোহাম্মদ এহসানুল হক। রোববার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এহসানুল হক দাবি করেন, ২০২৩ সালের ৩০ জুলাই অনুষ্ঠিত চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য তাঁর ভাগনির স্বামী আরমান আলী তাঁর কাছ থেকে আড়াই লাখ টাকা ধার নেন। পরবর্তীতে আবার চার লাখ টাকা ধার চাইলে আগের পাওনা টাকা ফেরত চান তিনি। এতে ক্ষুব্ধ হয়ে আরমান তাঁকে গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
এহসানুল হকের অভিযোগ, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষক আখ্যা দিয়ে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এমনকি একটি মামলার নালিশি দরখাস্তের খণ্ডিতাংশও ফেসবুকে ছড়িয়ে তাঁকে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে।
এ ঘটনায় তিনি বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং আদালতে সিআর মামলা নং ৮২৩/২০২৬ দায়ের করেছেন, যা বর্তমানে পিবিআই তদন্তাধীন বলে জানান।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও ভবিষ্যতে হয়রানি বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ সময় তাঁর বড় ভাই আরিফুল ইসলাম, চাচাতো ভাই আবু সুফিয়ান এবং আইনজীবী আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।