https://www.dailyshamolbangla.com/
সাংবাদিক মান্নান মুন্না কারও রক্তচক্ষু কিংবা অপপ্রচারে ভীত হওয়ার মানুষ নন!
সাংবাদিকতায় লেখনি ও কর্মের প্রতিযোগিতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, গঠনমূলক সমালোচনা থাকবে—এটাই স্বাভাবিক। তবে প্রতিযোগিতার নামে মিথ্যা অপবাদ, ব্যক্তিগত আক্রমণ কিংবা পরিকল্পিত অপপ্রচার কোনোভাবেই সুস্থ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় হতে পারে না।
সম্প্রতি সাংবাদিক এএইচএম মান্নান মুন্নার বিরুদ্ধে ফেক আইডি খুলে একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর আগেও তাঁর ছোট ভাইকে কেন্দ্র করে অপপ্রচারের চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে। ব্যক্তিগত ও পেশাগত বিদ্বেষ থেকে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে বলে সংশ্লিষ্টদের ধারণা।
কিন্তু মনে রাখতে হবে, অপপ্রচার চালিয়ে কারও পেশাগত অবস্থান, সামাজিক মর্যাদা কিংবা লেখনির শক্তিকে দাবিয়ে রাখা যায় না। মহান সৃষ্টিকর্তা যাঁকে সম্মান ও মর্যাদা দান করেন, মানুষের হীন প্রচেষ্টা দিয়ে সেই সম্মান কেড়ে নেওয়া সম্ভব নয়।
এএইচএম মান্নান মুন্না নোয়াখালীর একজন পরিচিত সাংবাদিক, মানবিক ও প্রগতিশীল চিন্তার সংগঠক। তাঁর লেখনি, পেশাগত অবস্থান কিংবা কর্মকাণ্ডের সঙ্গে কারও দ্বিমত থাকতেই পারে। সে ক্ষেত্রে যুক্তি দিয়ে সমালোচনা করুন, তথ্য-প্রমাণের ভিত্তিতে ভুল ধরিয়ে দিন। কিন্তু ফেক আইডির আড়ালে মিথ্যা প্রচার, ব্যক্তিগত চরিত্র হনন কিংবা পরিবারের সদস্যদের লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাংবাদিক মান্নান মুন্না কারও রক্তচক্ষু কিংবা অপপ্রচারে ভীত হওয়ার মানুষ নন। তাঁর শক্তি তাঁর লেখনি, সাহস তাঁর পেশাগত দায়বদ্ধতা এবং তাঁর প্রকৃত পরিচয় তাঁর কর্ম।
পেশাগত প্রতিযোগিতা হোক লেখনিতে, প্রতিদ্বন্দ্বিতা হোক মেধা ও যোগ্যতায়। প্রতিহিংসা, অপপ্রচার কিংবা চরিত্র হননের মাধ্যমে কাউকে দমিয়ে রাখার অপচেষ্টা বন্ধ হোক।
কলমের জবাব কলমেই হবে, আর অপপ্রচারের জবাব দেওয়া হবে সত্য, যুক্তি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মিথ্যা অপপ্রচার বন্ধ হোক। সাংবাদিকতার মর্যাদা, পেশাগত স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকুক।