https://www.dailyshamolbangla.com/
কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় ভারতীয় শিক্ষার্থী আদনানের মরদেহ
কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজ হওয়া ভারতীয় শিক্ষার্থী আদনানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুইদিন পর বুধবার (৪ নভেম্বর) কলেজ সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার হয়।
মারা যাওয়া আদনান ভারতের জম্মু-কাশ্মীর এলাকার বাসিন্দা। তিনি ইস্টার্ন মেডিকেল কলেজের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান জানান, আজ বুধবার সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কলেজ কর্তৃপক্ষ ও মারা যাওয়া শিক্ষার্থীর মা ঘটনাস্থলে এসে মরদেহটি আদনানের বলে শনাক্ত করেন।
ওসি জানান, গত ৩১ অক্টোবর আদনান তার মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। পড়ালেখায় কিছুটা অমনোযোগী থাকায় পরিবারের সদস্যরা অনেকটা জোর করেই তাকে বাংলাদেশে নিয়ে আসেন। গত ২ নভেম্বর রাতে তিনি কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও তার মা মঙ্গলবার বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে খুঁজে বের করার চেষ্টা চালায়। এরই মধ্যে বুধবার সকালে কলেজ সংলগ্ন পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।