https://www.dailyshamolbangla.com/
শেরপুরের নকলায় ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ মৌসুমে উপজেলায় ৭০১ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে নকলা খাদ্যগুদাম (এলএসডি) প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক আলহাজ মো. খোরশেদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খলিলুর রহমান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চলতি আমন মৌসুমে সরকারিভাবে প্রতি কেজি ধান ৩৫ টাকা দরে সংগ্রহ করা হবে। সে হিসাবে প্রতি মণ ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০০ টাকা। নকলা উপজেলায় এ মৌসুমে ৭০১ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। এতে কৃষকরা উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবেন এবং সরকারি খাদ্য মজুত বৃদ্ধিতে এ সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।