https://www.dailyshamolbangla.com/
নোয়াখালীর সেনবাগে ফাদার্স এইড বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ‘ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫’-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, শিক্ষা উপকরণ ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় সেনবাগ ফাজিল মাদ্রাসার মিলনায়তনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ কর্মসূচির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় এবং সেনবাগ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের আহ্বায়ক ও এম. আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল আজিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) সেনবাগ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, ফাদার্স এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক এ এইচ এম মহিউদ্দিন, বিএমজিটিএর সেক্রেটারি আব্দুল মাজেদ, চিলাদি মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন, মইজদীপুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, ফকিরহাট দারুল কোরআন মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন, নিজ সেনবাগ শেখ আব্দুস সামাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ার হোসেন, সেনবাগ ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের অধ্যাপক কামরুল ইসলাম, আরবি প্রভাষক মাওলানা মাকসুদুল আলম, ফাদার্স এইডের সহকারী পরিচালক আফসার উদ্দিন রনি, হাফেজ মাওলানা সৈকত আকবর, বিশিষ্ট ব্যবসায়ী ও ইকবাল এগ্রো মার্টের স্বত্বাধিকারী ইকবাল হোসাইন, এ ওয়ান ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী কামাল উদ্দিন বাবু এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নিজামুদ্দিন খন্দকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে ফাদার্স এইডের শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা এ ধরনের উদ্যোগকে মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বলে উল্লেখ করেন। পাশাপাশি আগামী দিনেও ফাদার্স এইডের শিক্ষা-সহায়ক কর্মসূচিতে সার্বিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা বিশেষভাবে জোর দেন, সেনবাগ উপজেলার মাদ্রাসা শিক্ষার্থীদের কল্যাণে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ’ কর্মসূচি যেন ধারাবাহিকভাবে পরিচালিত হয়।
ফাদার্স এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক এ এইচ এম মহিউদ্দিন তাঁর বক্তব্যে বলেন, যারা সমাজে মানবিক ও জনকল্যাণমূলক কাজে নিঃস্বার্থভাবে নিজেদের নিয়োজিত রেখেছেন, তাঁদের সম্মানিত করাকে ফাদার্স এইড বিশেষ অগ্রাধিকার দেয়। তিনি আরও বলেন, যে সমাজ জ্ঞানী-গুণী ও সমাজহিতৈষীদের যথাযথ মর্যাদা প্রদান করা হয়, সে সমাজে জনকল্যাণমূলক কাজের প্রতি মানুষের আগ্রহ ও প্রতিযোগিতা বৃদ্ধি পায়। এর মধ্য দিয়েই একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম করতে আমাদের জনকল্যাণমূলক কর্ম তৎপরতা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত সেরা ১০ জনসহ মোট ৩৫ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, শিক্ষা উপকরণ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ইতোমধ্যে সেনবাগ উপজেলার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি গিয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ বছর সর্বমোট ৮৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। উল্লেখ্য, মেধার ভিত্তিতে সর্বাধিক পুরস্কার পেয়ে মাদ্রাসা ই সাউতুল মাদিনা উপজেলা পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে।
অনুষ্ঠানে আগত অতিথিদের হাতে বই ও সম্মাননা স্মারক তুলে দিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করে ফাদার্স এইড কর্তৃপক্ষ।