https://www.dailyshamolbangla.com/
আনন্দ শোভাযাত্রা, আলোচনা, সেমিনার এবং বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা করার মধ্যদিয়ে নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে জেলা শহর মাইজদীর হাসপাতাল সড়কস্থ নোয়াখালী ডায়াবেটিক সমিতির কার্যালয় ও হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাসপাতাল সড়ক এলাকা প্রদক্ষিণ করে। পরে সমিতির হাসপাতাল প্রাঙ্গণে দিবসের আলোচনা সভা এবং বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী ডায়াবেটিক সমিতির সহসভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। সমিতির সাধারণ সম্পাদক এ টি এম ফিরোজ আলম আজাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি জেলা সিভিল সার্জন চিকিৎসক মো. আনোয়ার হোসেন, নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, সমিতির আজীবন সদস্য প্রবীণ শিক্ষাবিদ মুহাম্মদ কাজী রফিক উল্যাহ, চিকিৎসক আবদুল হাই।
আলোচনা সভা শেষে ডায়াবেটিক সমিতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারের যৌথ আয়োজনে একটি ডায়াবেটিক সচেনাতমূলক একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। এতে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো. কামরুল হোসেন প্রজেক্টরের মাধ্যমে ডায়াবেটিক সচেনামূলক আলোচনায় অংশ নেন। এই পর্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. হাসান উদ্দিন, শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক মো. সেলিম।
দিবসটি উপলক্ষে ডায়াবেটিক সমিতির হাসপাতাল চত্বরে দিনব্যাপী মেলায় বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা, ডায়াবেটিক আক্রান্তদের খাবার-দাবার ও হাঁটাচলাসহ নানা বিষয়ে সচেনামূলক প্রচারণা চালায় বিভিন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবি সংগঠন।