https://www.dailyshamolbangla.com/
আদালতে একটি মামলায় জামিন নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকদের ধাক্কা দেওয়া, এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ট্রাইপড ভাঙচুরের অভিযোগ উঠেছে পরীমণির বিরুদ্ধে। ঘটনার পর ওই সাংবাদিক দাবি করেছেন, পরীমণিই তার গায়ে হাত তুলেছেন এবং তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেছেন।
ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী সাংবাদিক জানান, একটি মামলায় জামিন নিতে পরীমণি আদালতে এলে সংবাদ সংগ্রহের জন্য সেখানে উপস্থিত হন গণমাধ্যমকর্মীরা। আদালতে প্রবেশের সময় পরীমণির ভিডিও ধারণের চেষ্টা করেন তারা। এ সময় তার সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা মারমুখী আচরণ করেন এবং কয়েকজন সাংবাদিককে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।
ওই সাংবাদিক বলেন, তিনি লিফটের পাশে অবস্থান নিয়ে পরীমণির ভিডিও ধারণ করছিলেন। এ সময় লিফটে ওঠার মুহূর্তে পরীমণি তার হাতে থাকা মোবাইল ফোনে থাপ্পড় দেন। একপর্যায়ে ফোনটি কেড়ে নেন এবং তার ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি পরীমণির হাত থেকে নিজের মোবাইল ফোনটি ফিরিয়ে নেন।
তিনি আরও বলেন, জামিনের প্রক্রিয়া শেষে পরীমণি নিচে নেমে তাকে দেখেই তেড়ে আসেন। এ সময় তার গায়ে হাত তোলেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন।
পরীমণির বিরুদ্ধে সাংবাদিকের গায়ে হাত দেওয়ার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে ওই সাংবাদিক বলেন, বরং পরীমণিই তার গায়ে হাত দিয়েছেন। এ ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি।
ওই সাংবাদিকের অভিযোগ, শুধু তার সঙ্গেই নয়, ঘটনাস্থলে থাকা একাধিক গণমাধ্যমকর্মীর সঙ্গেও পরীমণি ও তার নিরাপত্তাকর্মীরা খারাপ আচরণ করেছেন। কাউকে খামচি দেওয়া হয়েছে, আবার কাউকে নিরাপত্তাকর্মীরা কিল-ঘুষি মেরেছেন।
তিনি বলেন, ‘তারা শিল্পী, আমরা সাংবাদিক। কাজের প্রয়োজনে সেখানে গিয়েছিলাম। কিন্তু তার আচরণ আমাদের হতাশ করেছে। একজন শিল্পী এবং তার সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীদের এমন মারমুখী আচরণ সত্যিই দুঃখজনক ও নিন্দনীয়।’