ঢাকা   ০১:৪৬:২২ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা

স্পিরিট ও অ্যালকোহল ব্যবহারে লাইসেন্সের বাধ্যবাধকতা, ওষুধ আমদানি ও চিকিৎসাসেবা নিয়ে উদ্বেগ

 ডাঃ আল হাসান মোবারক  ডিএইচএমএস, ঢাকা। 
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২০ বার
  • ১১ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালার আওতায় লাইসেন্স গ্রহণের বাধ্যবাধকতাকে কেন্দ্র করে আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছে দেশের হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থা। হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুত, সংরক্ষণ ও ব্যবহারের অন্যতম উপাদান রেকটিফাইড স্পিরিট বা ইথাইল অ্যালকোহল সংগ্রহ, আমদানি, মজুত ও বিপণনে পৃথক লাইসেন্স ও পারমিটের বিধান থাকায় বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক, ওষুধ আমদানিকারক, উৎপাদক ও ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, বিদ্যমান ব্যবস্থার জটিলতা ও প্রশাসনিক বাধ্যবাধকতার কারণে স্বাভাবিক চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রচলিত চিকিৎসাব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসাও পরিচালিত হয়ে আসছে। তুলনামূলক কম ব্যয় ও সহজলভ্যতার কারণে দেশের একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী এ চিকিৎসাপদ্ধতির সেবা গ্রহণ করে থাকে। এ খাতের সঙ্গে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, ওষুধ প্রস্তুতকারক, আমদানিকারক ও বিক্রেতাসহ বিপুলসংখ্যক মানুষ সম্পৃক্ত। কিন্তু প্রয়োজনীয় কাঁচামাল ও ওষুধ সংগ্রহে আইনি জটিলতা তৈরি হওয়ায় এ চিকিৎসাব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হোমিওপ্যাথিক ওষুধের উৎপাদন, আমদানি, নিবন্ধন ও মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিধিবিধান অনুসরণ করতে হয়। আগে এ ক্ষেত্রে Drugs Act, 1940, Drugs Rules এবং Drugs (Control) Ordinance, 1982 অনুসরণ করা হতো। পরবর্তীকালে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ (২০২৩ সালের ২৯ নম্বর আইন) প্রণীত হলে ১৯৪০ সালের Drugs Act এবং ১৯৮২ সালের ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ রহিত হয়। বর্তমানে ওষুধের উৎপাদন, আমদানি, নিবন্ধন ও মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে ২০২৩ সালের আইন প্রযোজ্য।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং এর অধীন প্রণীত অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুসারে অ্যালকোহল ও রেকটিফাইড স্পিরিটের সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন, ব্যবহার ও বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়। এ বিধিমালায় হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুতের জন্য রেকটিফাইড স্পিরিট সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও ওষুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহারের জন্য নির্দিষ্ট লাইসেন্সের ফরমও রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি সিটিজেন চার্টারেও হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুতের জন্য রেকটিফাইড স্পিরিট, স্ট্রং অ্যালকোহল ও ইথাইল অ্যালকোহল আমদানি ও মজুতের লাইসেন্স এবং অ্যালকোহলযুক্ত হোমিওপ্যাথিক ওষুধ পাইকারি বিক্রির লাইসেন্স প্রদানের ব্যবস্থা উল্লেখ রয়েছে। পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসকদের ওষুধ ডাইলুশনের কাজে রেকটিফাইড স্পিরিট ব্যবহারের জন্য পৃথক পারমিটের আবেদনপত্রও অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত রয়েছে।

তবে সংশ্লিষ্টদের অভিযোগ, এসব লাইসেন্স ও পারমিট গ্রহণের প্রক্রিয়া জটিল হওয়ায় বিশেষ করে ক্ষুদ্র পর্যায়ের চিকিৎসক ও ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাঁদের মতে, হোমিওপ্যাথিক ওষুধে চিকিৎসার প্রয়োজনে ব্যবহৃত অ্যালকোহল এবং মাদক হিসেবে অপব্যবহৃত অ্যালকোহলের মধ্যে আইনি ও প্রশাসনিক পার্থক্য নির্ধারণ করা প্রয়োজন।

হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে রেকটিফাইড স্পিরিট বা ইথাইল অ্যালকোহল গুরুত্বপূর্ণ বাহক বা দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন স্বীকৃত হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুসারে ওষুধের ধরন ও প্রস্তুতপ্রণালিভেদে অ্যালকোহলের মাত্রা ভিন্ন হয়ে থাকে। ফলে চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ক্ষেত্রে অ্যালকোহলের উপস্থিতি বিবেচনায় নিয়ে পৃথক ও বাস্তবসম্মত নিয়ন্ত্রণব্যবস্থা থাকা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষার্ধে আমদানিকৃত একটি ওষুধের চালান নিয়ে যশোর কাস্টমস কমিশনারের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল কাজী মো. রশীদ উন-নবী এবং হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের তৎকালীন রেজিস্ট্রার ডা. মো. জাহাঙ্গীর আলম পৃথক মতামত প্রদান করেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকের চিঠিতে উল্লেখ করা হয়, বিভিন্ন স্বীকৃত হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুসারে ওষুধের ধরনভেদে সাধারণত ৩০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত অ্যালকোহল বিদ্যমান থাকে। আমদানিকৃত হোমিওপ্যাথিক মাদার টিংচার ও পটেন্সি মেডিসিনের নমুনায় ৪৯ ও ৯০ শতাংশ অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেলেও তা সংশ্লিষ্ট ফার্মাকোপিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অন্যদিকে, একই বিষয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের তৎকালীন রেজিস্ট্রারও বিস্তারিত মতামত প্রদান করেন। সংশ্লিষ্টদের মতে, চিকিৎসাবিজ্ঞানের স্বীকৃত প্রস্তুতপ্রণালি ও ফার্মাকোপিয়ার আলোকে হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহলের ব্যবহার বিবেচনা করে এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।

সমস্যার সমাধানে হোমিওপ্যাথিক চিকিৎসক ও সংশ্লিষ্ট সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন পর্যায়ে আবেদন ও দাবি জানিয়ে আসছে। অন্তর্বর্তী সরকারের কাছেও বিষয়টি সমাধানের জন্য আবেদন করা হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রত্যাশিত সমাধান না পাওয়ায় শেষ পর্যন্ত আইনি প্রতিকার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

‘হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড মেডিসিনাল প্ল্যান্ট ইমপোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণসংক্রান্ত বাধ্যবাধকতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন (নং-৩১৫২/২০২৬) দায়ের করেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রকাশিত কার্যতালিকায় মামলাটির অস্তিত্ব পাওয়া গেছে। তবে রিটের সর্বশেষ আদেশ ও রুলের বিষয়টি নিশ্চিত করতে আদালতের মূল আদেশ পর্যালোচনা প্রয়োজন।

সংশ্লিষ্টদের অভিযোগ, লাইসেন্স ও পারমিটসংক্রান্ত জটিলতার কারণে দেশের বিভিন্ন স্থানে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এতে অনেকের পেশাগত কার্যক্রম সীমিত হচ্ছে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি