কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহরণের শিকার এক যুবককে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে ঈদগাঁও বাজারের পুরাতন ছাগল বাজার থেকে মোহাম্মদ হাসান (২৮) নামের এক যুবককে জোরপূর্বক সিএনজি গাড়িতে তুলে অপহরণকারীরা তাকে রামুর ঈদগড় এলাকার দিকে নিয়ে যায়। খবর পেয়ে দ্রুত অভিযান চালায় ঈদগাঁও থানা পুলিশ।
একই দিন দুপুর আনুমানিক দেড়টার দিকে ঈদগাঁও ইউনিয়নের পালপাড়া এলাকা থেকে অপহৃত হাসানকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী মোরশেদ আলম (২৬), আবুল বাশার (৫০) ও নুরুল হাকিম (৩২)-কে গ্রেফতার করা হয়। সেই সাথে ব্যবহৃত একটি সিএনজি গাড়িও জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভিকটিম মোহাম্মদ হাসান বাদী হয়ে এজাহার দায়ের করেন (যার মামলা নং ২/২০২৬)।
শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার।