রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের ১৫তম অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পদুয়ার বাজার বিশ্বরোডস্থ ‘রসনার স্বাদ’ রেস্তোরাঁয় এই ক্লাবের ২০২৬-২৭ বর্ষের কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. এমদাদুল হক।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ সাইফ উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মিয়া মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান প্রফেসর ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের ক্লাব অর্গানাইজার রোটারিয়ান পাপড়ি বসু, লুৎফুল বারী চৌধুরী এবং রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের প্রেসিডেন্ট প্রফেসর আজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ বলেন, সেবা প্রথম, নিজে পরে।
এই মহান আদর্শকে বুকে ধারণ করে ১৯০৫ সাল থেকে বিশ্বজুড়ে রোটারি ইন্টারন্যাশনাল যে মানবিক কাজের ধারা বজায় রেখেছে, তা সত্যিই অনন্য। রোটারি কেবল একটি সংগঠন নয়, এটি বিশ্বজুড়ে ইতিবাচক পরিবর্তন আনার একটি শক্তিশালী আন্দোলন।
আমাদের সমাজে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা এবং পোলিও মুক্ত পৃথিবী গড়ার পেছনে রোটারিয়ানদের অবদান আজ সর্বজনস্বীকৃত। একজন রোটারিয়ান হওয়া মানে কেবল একটি ক্লাবের সদস্য হওয়া নয়; বরং সমাজের প্রতি নিজের দায়বদ্ধতাকে স্বীকার করা এবং তা পালনে সক্রিয় ভূমিকা রাখা। আজ একজন ছাত্রের দায়িত্ব নিয়েছেন। এটাই আমাদের মূল কাজ এটাই সেবা।
একটি নতুন কমিটি বা নতুন বর্ষ শুরু হওয়ার অর্থ হলো আমাদের সামনে নতুন কিছু করার সুযোগ আসা।