কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় জালালাবাদ ইউনিয়নে বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫ জুলাই ( বুধবার) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা ও জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন।
সহায়তা সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করেন তারা। বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘব এবং বিশেষ করে শিশু, নারী ও পরিবারের জরুরি চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
এসবের মধ্যে ছিল পানির জার, প্লাস্টিকের মগ, শিশুদের পটি, বদনা, টয়লেট ব্রাশ, শিশু ও বড়দের জুতা, শিশুদের ন্যাপকিন, ডিটারজেন্ট পাউডার, গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান, স্যানিটারি ন্যাপকিন, গামছা, নেল কাটারসহ আরও অনেক জরুরি উপকরণ।
বিতরনকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, ইউনিয়নের নারী/ পুরুষ জনপ্রতিনিধি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।