ঈদগাঁওয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
“দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে” বলে জানিয়েছেন সদর-রামু-ঈদগাঁও।আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
তিনি শনিবার (১৮ জুলাই) সকালে ঈদগাঁও উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। পরে তিনি ঈদগাঁও উপজেলায় সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তার অংশ হিসেবে ঢেউটিন, চেক, শুকনো খাদ্যসামগ্রী ও হাইজিন কিট বিতরণ করেন।
ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিংনু মারমার সভাপতিত্বে এসময় ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহের, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।