মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
ফোন করে বাড়ী থেকে ডেকে নিয়ে জামিনে থাকা এক বৃদ্ধকে আবার গ্রেফতার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরবর্তীতে ওই বৃদ্ধকে কারাগারেও পাঠিয়েছেন আদালত। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম চৌধুরী ফিরোজ (৮০) মীরসরাই উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কিছমত জাফরাবাদ গ্রামের মোজাফফর আলী চৌধুরী বাড়ির মৃত বজলুর ছোবহান চৌধুরীর ছেলে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ফোন করে বাড়ী থেকে ডেকে নিয়ে মীরসরাই থানা পুলিশ ওই বৃদ্ধকে গ্রেফতার করে। পরে দুপুরে তাকে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদের আদালতে হাজির করেন।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের পুত্র রিয়াদ জানান, ফেনীর আদালতে একটি মামলায় আমার বাবা আগে থেকেই জামিনে ছিলেন। জামিন আদেশের নথি থানায়ও জমা জমা দেয়া হয়েছিলো। নিয়মিত আদালতে হাজিরাও দিয়ে আসছিলেন। করোনাকালীন সময়ে আদালত বন্ধ থাকায় মামলার কার্যক্রমও এতোদিন বন্ধ ছিলো। বৃহস্পতিবার হঠাৎ করে কিছু কাগজ পত্রে স্বাক্ষরের কথা বলে ফোন করে ডেকে নিয়ে যান এসআই মাকসুদ ও এসআই তাহের। পরে গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করে দেয় পুলিশ। জামিনে থাকার কথা বারবার বলার পরও পুলিশ তা আমলে নেয়নি। বিভিন্ন রোগে ভুগছেন তিনি। এ কারনে আমাদের পরিবার খুবই চিন্তিত ও আতঙ্কিত।
আসামী পক্ষের আইনজীবী রহিমা আক্তার জানান, ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে পুত্রবধূর দায়ের করা এক মামলার (১১৭/২০১৯) দুই নম্বর আসামি জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই মামলায় ২০১৯ সালের ১ আগস্ট তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ওই বছরের ৩০ সেপ্টেম্বর তিনি ট্রাইব্যুনাল থেকে জামিন পান। ২০১৯ সালের ১ অক্টোবর জামিন আদেশের নথি আসামির ঠিকানা অনুযায়ী মীরসরাই থানায় কর্মরত ডিউটি অফিসারের নিকট জমা দেয়া হয়েছিলো। এরপর থেকে তিনি নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছিলেন। গ্রেফতারের পর আমার মক্কেলের কাছে ৫০হাজার টাকাও দাবি করেছিলো মীরসরাই থানা পুলিশ।
এ্যাডভোকেট রহিমা আক্তার আরো বলেন, ‘জামিনে থাকার পরও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আমরা জামিনের নথি উপস্থাপন করে জামিনের আবেদন করি। আদালত জামিন নামঞ্জুর করেন।
আমার মক্কেল ৮০ বছরের একজন বৃদ্ধ, বিনা কারণে পুলিশ উনাকে হয়রানি করেছে। এর প্রতিকার চেয়ে আমরা উচ্চ আদালতে রিট করবো।’
এ ব্যাপারে মীরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘থানায় রিকল জমা দেওয়ার পরে কোনো আসামিকে পরোয়ানায় গ্রেফতার করে আদালতে পাঠানোর সুযোগ নেই। এখানে কোথাও একটা ভুল হচ্ছে। আমার কাছে এ ধরনের অভিযোগ নিয়ে কেউ আসেননি। এলে আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতাম। ওনাকে গ্রেফতারের সময় আমার নলেজে কেউ সেটা দেয় নাই।