সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁওয়ে মশারি বিক্রেতা এক ফেরিওয়ালা ছিনতাইয়ের শিকার হয়েছে। ভুক্তভোগী আরিফ গোপালগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, মশারি ফেরিওয়ালা আরিফ এদিন সকালে বর্নিত এলাকায় গেলে এ সময় তিনজন ব্যক্তি মশারি কেনার কথা বলে তাঁকে খালের ধারে নিয়ে যায়। সেখানে পৌঁছানো পর তারা ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাঁর কাছ থেকে মোবাইল ফোন, নগদ ২ হাজার ৫০০ টাকা ও দুটি মশারি ছিনিয়ে নেয়।
আরিফ জানায়, ঘটনাটি এলাকার কিছু নেশাগ্রস্ত ব্যক্তির মাধ্যমে সংঘটিত হয়েছে। তিনি স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন জালালাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কজন ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বেড়েছে। বিশেষ করে ফেরি- পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা এ ধরনের অপরাধ রোধে দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে, এ ঘটনায় থানা পুলিশ প্রশাসনের তাৎক্ষণিক কোন বক্তব্য পাওয়া যায়নি।