নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন (এমপি)।
শনিবার (৫ই সেপ্টেম্বর) সকালে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন (এমপি)। পরিদর্শনকালে তিনি হাসপাতালের ইনডোর ও আউটডোর বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, ওষুধ বিতরণ কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিটগুলো ঘুরে দেখেন। রোগীদের চিকিৎসা সেবার মান, ওষুধের মজুদ, অবকাঠামোগত সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে তিনি বিস্তারিত খোঁজখবর নেন।
এ সময় তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান আরও উন্নত করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
হাসপাতালের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
হাসপাতাল পরিদর্শন শেষে চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে, মাননীয় সংসদ সদস্যের প্রদত্ত নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়ন করে চাটখিল উপজেলার জনগণের জন্য আরও উন্নত, মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।