নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদল।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘আমরা সবাই তারেক হবো, দেশ গড়ার অংশ নেব; আমরা সবাই ফখরুল হবো, কোম্পানীগঞ্জ গড়ার অংশ নেব’ স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিলটি পেশকারহাট ঈদগাহ ময়দান প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে মিছিলটি পেশকারহাট বাজার প্রদক্ষিণ করে রাস্তারমাথায় গিয়ে শেষ হয়। এতে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় মিছিল থেকে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক তথ্যবিষয়ক সম্পাদক ইয়াছিন মাহমুদ সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজীজ আজমির, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান মুক্কি এবং চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ আল জাবের।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি তাজুল ইসলাম স্বপন, ছাত্রদল নেতা সানিয়াত ইসলামসহ ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ সমাজ এবং তরুণ প্রজন্মের জন্য বড় ধরনের হুমকি। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। একই সঙ্গে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠন এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা একটি সুস্থ, নিরাপদ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ ধরনের সামাজিক সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।