https://www.dailyshamolbangla.com/
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ উপলক্ষে ২০০টি হ্যান্ডওয়াশ ডিভাইস, ৪০০টি সাবান ও ৬০০ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও দাপ্তরিক কাজের ব্যাস্ততায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. সাইফুল ইসলাম না আসায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও রাজস্ব সার্কেলের কর্মকর্তা জনাব মো. মহিবুল্লাহ আকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সাভার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জনাব মো. কাবুল খান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গোহাইলবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মো. মোবারক হোসেনসহ বিভিন্ন দপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য জনাব মো. মান্নান হোসেন। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব শরিফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য নিয়মিত হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে খাবার খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন বিভিন্ন কাজের পর সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন জীবাণুবাহিত রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
আলোচনা সভা শেষে বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আয়োজনে: উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাভার, ঢাকা।