বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সচিবালয়ের ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাথরুমের ওপরের সিলিংয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ইউনিটটি পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুনের কারণ হিসেবে শর্ট সার্কিটকে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দিনগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই আগুনে পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে যায়। নয়তলা ভবনটিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
ভবনটির চারটি তলায় অবস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন নথিপত্র ও সরঞ্জাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
ওই অগ্নিকাণ্ডে আগুন নেভানোর কাজে অংশ নিতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের সদস্য মো. সোহানুর জামান নিহত হন।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর (কেপিআই) অন্যতম বাংলাদেশ সচিবালয়।