মাহমুদুল হাসান, রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে আমাবস্যার প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে উপকূলীয় কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে।
এতে উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পানিবন্দী মানুষদের। আর এ অস্বাভাবিক জোয়ারের পানিতে উপজেলার বড়বাইশদিয়া ও মৌডুবী ইউনিয়ন এর প্রায় অর্ধশত মাছের ঘের পানিতে ভেসে গেছে। আর এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছ চাষিদের। এছাড়া ফসলি জমিরও হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। মৌসুমি বায়ুর প্রভাবে
টানা ১ সপ্তাহের বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে উপজেলার মৌডুবী ইউনিয়নের আশাবাড়িয়া এবং জাহাজমারা ও স্লুইসগেট সংলগ্ন প্রায় অর্ধশত মাছের ঘের পানিতে ডুবে কোটি টাকার ও বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে স্থানীয় মাছ চাষিরা নিঃস্ব হয়ে পড়েছেন।
এসব মাছ চাষিরা বিভিন্ন এনজিও ও সুদের মাধ্যমে ঋণ নিয়ে মাছ চাষ প্রকল্প করে থাকেন।
কিন্তু চলতি এ পরিস্থিতিতে তাদের মাছের ঘের ডুবে মাছ অস্বাভাবিক জোয়ারের পানিতে ভেসে যাওয়ায় তাদের আর্থিক ক্ষতির পাশাপাশি ঋণের বোঝা ভারি হওয়ার আশংকা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ দিনের অস্বাভাবিক জোয়ারের পানিতে এসব মাছের ঘের ডুবে যায়। কোনো কোনো ঘেরের বাধ ভেঙে সব মাছ ভেসে যায়।
উপজেলার মৌডুবী ইউনিয়ন এর মাছ চাষি সাজ্জাদ হোসেন রুবেল ভূইয়া জানান, তার মাছের ঘের ডুবে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতির আশংকা রয়েছে।
ঐ একই ইউনিয়ন এর মাছ চাষি আশ্রাফ সরদার জানান, এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেন তিনি। কিন্তু অস্বাভাবিক জোয়ারের পানিতে তার ঘের ডুবে যাওয়ায় ৩ লক্ষ টাকার ক্ষতির আশংকা তার।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মৌডুবী ইউনিয়নের মাছ চাষি খোকন ভূইয়া, এবাদুল ভূইয়া, মুহিব্বুল ভূইয়া , মিজানুর রহমান, আঃ গাফফার মিয়া, আশ্রাফ সরদার, শফিক, শুকুর মিয়া, আঃ করিম শিকদার, ছলেমান সরদার, মস্তফা সরদার সহ প্রায় অর্ধশত মাছ চাষিদের সপ্ন ভেসে গেছে টানা বৃষ্টি ও আমাবস্যার প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে।
আর এতে ধারণা করা হচ্ছে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে ওই এলাকার মাছ চাষিদের।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য চাষীদের ক্ষয়ক্ষতির খোঁজ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান জানান, বিষয়টি মৎস্য বিভাগকে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।