আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিন পাইকশা বাজার এলাকায়
শ্রীনগর-গোয়ালীমান্দ্রা সরকারি খালের মাটি কেটে নেওয়া হচ্ছে। অপরদিকে একই এলাকার ওই
খাল সংলগ্ন আবাদি কৃষি জমির মাটি কেটে বিক্রির মহোৎসব চলছে। মাটি সিন্ডিকেটটি
কৌশলে ভোর সকাল থেকে সকাল ১০টা পর্যন্ত এই মাটি কাটার কার্যক্রম চালায়। শ্রমিকের
পাশাপাশি একাজে ভেকু ব্যবহার করে জমির মাটি কাটতে দেখা গেছে। এসময় সাংবাদিকদের
ছবি তোলতে দেখে একদল শ্রমিক ও ভেকু চালক সটকে পরে। অন্যদিকে এসব মাটি টানার কাজে
ভাড়ী মাহিন্দ্রা চলাচলের কারণে স্থানীয় গ্রামীন রাস্তাগুলো ভেঙেচুরে যাচ্ছে। ওই এলাকার মাটি
কাটার সিন্ডিকেটের অন্যতম সদস্য মো. রাজিব নামে এক ব্যক্তি এসব মাটি কাটার কাজে
নের্তৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে। স্থানীয় ভূমি অফিসের লোকজন এসেও কাউকে না পেয়ে
সিন্ডিকেটটির বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছেনা বলে সূত্রমতে জানা যায়।
সরেজমিনে দেখা গেছে, দক্ষিন পাইকশা বাজারের সামান্য দক্ষিন দিকে পাকা রাস্তা সংলগ্ন ওই
খালে বাঁধ দিয়ে উভয় পাড়ের মাটি কাটা হচ্ছে। বিশেষ করে খালের পূর্ব পাড়ের মাটি বেশী
কাটা হচ্ছে। অপরদিকে খালের সামান্য পূর্বদিকে স্থানীয় সাবেক ইউপি সদস্যর বাড়ির পাশে
বেশ কিছু কৃষি জমিতে ভেকু দিয়ে মাটি কেটে নিচ্ছে সিন্ডিকেটটি। এসব মাটি
মাহিন্দ্রা/ট্রলিতে করে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে। দেখা গেছে, শিশু কিশোররা
এসব মাহিন্দ্রার চালক হিসেবে নিয়ন্ত্রণ করছেন। ভাড়ী এসব মাহিন্দ্রার কারণে ওই এলাকার
গ্রামীন রাস্তাগুলো ব্যাপক ক্ষতি হচ্ছে। রাস্তার বিভিন্ন স্থান ভেঙে যাওয়ার পাশাপাশি দেবে যেতে
দেখা গেছে। খোঁজ খবর নিয়ে জানা যায়, পার্শ্ববর্তী কুকুটিয়া এলাকার মাটি ব্যবসায়ী
যুবলীগ নেতা মো. রাজিবের নেতৃত্বে এসব মাটি কাটা হচ্ছে। প্রতি ট্রলি মাটি বিক্রি
করা হচ্ছে প্রায় ১ হাজার টাকা। এসময় কয়েজন শ্রমিক জানায়, তারা দিনমজুর হিসেবে
রাজিবের কাজ করেন। এসময় মাহিন্দ্রার এক কিশোর চালক বলেন, মাহিন্দ্রার মালিক জাব্বার
মিয়ার নির্দেশে এখানে তিনি মাটি টানার কাজে এসেছেন। তার মালিকের বাড়ি পাশ্ববর্তী
লৌহজং উপজেলায়।

যুবলীগ নেতা রাজিবের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কৃষি জমির মাটি না
কাটার কারণে ফসল হয়না, তাই জমির মাটি কাটা হচ্ছে। খালে বাঁধ দেয়ার বিষয়ে তিনি বলেন,
ভেকু আনার জন্য খালে বাঁধ দেওয়া হচ্ছে। মাটি টানার কাজে এসব ভাড়ি মাহিন্দ্রার কারণে
রাস্তার কোন ক্ষতি হচ্ছে কিনা এমন প্রশ্নে জবাবে তিনি কোন সুদত্তর দিতে পারেননি।
এব্যাপারে স্থানীয় ভূমি অফিসের তহসীলদার উত্তম কুমার মাটি কাটার সত্যতা স্বীকার করে বলেন,
আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার সাথে জড়িত কোন লোকজনের পরিচয় জানতে
পারিনি। খোঁজ খবর নিয়ে এর সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।