প্রকাশিত সংবাদের প্রতিবাদ;
ঈদ পরবর্তী সময়ে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ টিভি, ডিএনএন এবং টেকনাফ-২১সহ বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়।
প্রকৃত ঘটনা হলো- গত ২২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ঈদের দ্বিতীয় দিন দুপুরে কয়েকটি টমটমে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজিয়ে সড়কে চলাচলের কারণে পার্শ্ববর্তী লেদা ইবনে আব্বাস মাদ্রাসায় নামাজ আদায়ে বিঘ্ন ঘটে।
এ অবস্থায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা বিষয়টি সমাধানের জন্য আমার কাছে আসেন। তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা কয়েকটি টমটম থামিয়ে সাউন্ড বক্স বন্ধ করতে বলি। এক চালক অতিরিক্ত বাকবিতণ্ডা করলে তার সাউন্ড বক্স সাময়িকভাবে নামিয়ে রাখা হয় এবং তাকে সন্ধ্যায় নিয়ে যাওয়ার জন্য জানানো হয়। পরবর্তীতে আমরা জোহরের নামাজ আদায় করতে চলে যাই।
নামাজ শেষে ফিরে এসে দেখি, নিজেকে হ্নীলা উত্তর শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয়দানকারী জামাল হোছন নামের এক ব্যক্তি ঘটনাস্থলে এসে উসকানিমূলক আচরণ ও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে তার পরিচয় জানার পর তাকে এলাকায় ডেকে এনে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করি।
দুঃখজনক হলেও সত্য, বিষয়টি মীমাংসা হওয়ার পরও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে অশ্রাব্য ও মানহানিকর বক্তব্য প্রচার করেন, যা সম্পূর্ণ অনভিপ্রেত ও নিন্দনীয়।
উল্লেখ্য, গত ২০২৫ সালের নভেম্বর মাসে আমাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে আমি মনে করি। সাম্প্রতিক ঘটনাটিও একইভাবে একটি মহলের ইন্ধনে রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা বলে প্রতীয়মান হচ্ছে।
আমি এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে সাধারণ জনগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি—কোনো ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে সত্য উদঘাটনে সহায়তা করার জন্য।