গাজীপুরের কাশিমপুর এলাকায় গড়ে উঠেছে এক ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান—মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতের সমন্বয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
২০২৪ সালের ডিসেম্বর মাসে মাত্র ৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা মাদ্রাসাটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। শিক্ষার্থীদের পাঠদানে নিয়োজিত রয়েছেন ৪ জন শিক্ষক, যারা হেফজ শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাও প্রদান করছেন।
এই মহৎ উদ্যোগের পেছনে রয়েছেন পরিচালক হাজী পুতুল ভান্ডারী। ২০২৪ সালে ওমরাহ পালনকালে তিনি গরীব, দুঃখী ও অসহায় শিশু-কিশোরদের জন্য একটি হেফজ মাদ্রাসা প্রতিষ্ঠার নিয়ত করেন। দেশে ফিরে এসে সেই নিয়তের বাস্তবায়ন ঘটান নিজের অর্থায়নে এই প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে।
উল্লেখযোগ্য বিষয় হলো—মাদ্রাসার শিক্ষক ও হেফজ বিভাগের সকল ব্যয় তিনি নিজেই বহন করছেন। শিক্ষার্থীদের কাছ থেকে শুধুমাত্র বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষার জন্য প্রতিমাসে নামমাত্র ২০০ টাকা নেওয়া হয়, যা এই উদ্যোগকে আরও মানবিক ও প্রশংসনীয় করে তুলেছে।
প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ জুয়েল মাইজ ভান্ডারী এবং সেক্রেটারী হিসেবে রয়েছেন হাফেজ মোঃ শাকিল আহমদ। মাদ্রাসাটি অবস্থিত: ভান্ডারী ভিলা, লাবিব রোড, কাশিমপুর, গাজীপুর।
এছাড়াও, পরিচালক হাজী পুতুল ভান্ডারী হিজড়া সম্প্রদায়ের একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। তিনি পূর্বেও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায়, বিশেষ করে কাশিমপুর ও আশুলিয়ায়, নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। চলতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের জামা-কাপড়সহ অভিভাবকদের জন্য উপহার বিতরণ করে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন।
তবে সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে মাদ্রাসাটি। গত ১৮ মার্চ ২০২৬ ইং তারিখে মাগরিব থেকে এশা পর্যন্ত হওয়া শিলাবৃষ্টিতে মাদ্রাসার চালের টিন ফুটো হয়ে কক্ষে পানি ঢুকে পড়ে। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ায় পরিচালক হাজী পুতুল ভান্ডারী গভীরভাবে মর্মাহত হন। তবে তিনি থেমে থাকেননি—তাৎক্ষণিকভাবে টিন সংগ্রহ করে মাদ্রাসার ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু করেন এবং তা অব্যাহত রেখেছেন।
সব বাধা-বিপত্তি পেরিয়ে ধর্মীয় শিক্ষার প্রসার ও সমাজের অবহেলিত শিশুদের আলোর পথে এগিয়ে নিতে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা” এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ভর্তি ফ্রীতে কার্যক্রম চলমান রয়েছে। মাদ্রাসায় শিক্ষার্থীদের কায়দা,আমপারা কুরআন শরীফও তিনি নিজ উদ্যোগে ফ্রীতে দিয়েছেন।