ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা। বাহারি ধরনের পোশাক, প্রসাধনী, অলংকার ও গ্রোসারী পণ্যের জমজমাট বেচাকেনা শুরু হয়েছে। ব্যস্ততা বেড়েছে পোশাক তৈরির টেইলার্সগুলোতে।
বিভিন্ন আয়ের মানুষ পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটায় মেতে উঠেছেন। শহরের বড় বড় মার্কেটে করা হয়েছে আলোকসজ্জা। শহর জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।
সরেজমিন দেখা যায়, নবীনগর শহরের আধুনিক সমবায় সুপার মার্কেট, ইসলাম মার্কেট, নিউ মার্কেট, ভাষাণ মার্কেট ও সালাম রোডের বিভিন্ন দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সাপ্তাহিক বন্ধ এবং বিকেল হলেই ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করে। দিনের বেলা পৌর এলাকার বাহিরের ক্রেতা সমাগম হলেও সন্ধ্যার পর বিপনি বিতান ও দোকানগুলোতে স্থানীয় ক্রেতাদের সমাগম বাড়ে।
ইফতার শেষে চলে পুরোদমে বেচাকেনা। নিম্ন আয়ের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে নদীর তীরের হকার্স মার্কেট ও নিরিবিলি মার্কেটে। সামর্থ্য অনুযায়ী এ সব মার্কেটের দোকান থেকে পছন্দের পোশাক কিনছেন অনেকেই। পরিবারের সকল সদস্যের মুখে হাসি ফোটাতে পোশাক কেনার পাশাপাশি প্রসাধনী, অলংকার, জুতা, স্যান্ডেল ও দর্জির দোকানগুলোতেও বেড়েছে ক্রেতাদের ভিড়। পোশাক পরিচ্ছদ বেচাকেনার পাশাপাশি মসলা ও মুদিপণ্যের দোকানেও ভিড় বেড়েছে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের এখনো বেশ বাকি থাকলেও ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে নবীনগর পৌর শহরে।
বাজার ঘুরে জানা যায়, গ্রামের প্রান্তিক মানুষ সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক, অলংকার ও সাজসজ্জা উপকরণ কিনতে ভিড় করছেন। এ ছাড়া উপজেলার বড় বড় বাজার যেমন- শিবপুর, কৃষ্ণনগর, সলিমগঞ্জ, শ্যামগ্রাম, বাঙ্গরা বাজারসহ অন্যান্য মার্কেটেও জমে উঠেছে ঈদের বেচাকেনা।
ঈদের কেনাকাটা করতে আসা আয়েশা খাতুন বলেন, “পরিবারের শিশু ও বয়স্কদের জন্য কেনাকাটা করতে এসেছি।” অপর এক ক্রেতা বলেন, “এ বছর কেনাকাটা করে ভালো লাগছে, দাম সহনীয় রয়েছে। বিদেশি পোশাকের দাম কিছুটা চড়া, তবে দেশীয় পোশাকের দাম নাগালের মধ্যে।”
ক্রেতা মনোয়ারা বেগম বলেন, “অন্যান্য বছর ভারতীয় ও পাকিস্তানী পোশাকের রমরমা ব্যবসা হয়েছে। এবার বিদেশি পোশাক কেনার আগ্রহ কম। বাজারে পোশাক, প্রসাধনী ও সাজসজ্জা উপকরণের দাম খুব একটা বেশি নয়।”
সমবায় মার্কেটের দোকানি রিপন মিয়া বলেন, “তৈরি পোশাকের দোকানে বেচাকেনা বেশি হয়। সিট কাপড় ও থ্রি পিসের দোকানে রোজার শেষ দিকে বেচাকেনা কম হয়। কারণ, দর্জিরা শেষ সময়ে নতুন পোশাকের অর্ডার নেন না। তবে সব মিলিয়ে এ বছর পরিবেশ ভালো।”
ইসলাম মার্কেটের আইডিয়াল টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের স্বত্বাধিকারী পল্টু বর্মণ জানান, তৈরি পোশাক কেনার পাশাপাশি অনেক ক্রেতা দর্জির দোকানে শার্ট-প্যান্ট বানাতেও অর্ডার দিচ্ছেন। ঈদকে সামনে রেখে দর্জি দোকানগুলোতে কাজের চাপও বেড়েছে।