নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার মঙ্গলেরগাঁও বাজারে পিরোজপুর ও শম্ভুপুরা ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার বলেন, জামায়াতে ইসলামী কোনোভাবেই নীতি-আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় যেতে চায় না।
তিনি বলেন, রাজনৈতিক সাফল্যের জন্য আদর্শকে ত্যাগ করা তাদের নীতির পরিপন্থী। তারা দ্বীনের স্বার্থে রাজনীতিতে অংশগ্রহণ করে এবং কোনো পরিস্থিতিতেই ইসলামী আদর্শ থেকে বিচ্যুত হয় না।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষাবিদ ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, মানুষের জীবনের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। তিনি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ জামায়াত নেতা জজ মিয়া।