ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী উম্মে সালমা(২৯) কে পায়ে শিকল পরা অবস্থায় নিজ ঘর থেকে গভীর রাতে উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি,তাদের কন্যা মানসিক রোগি হওয়ায় নিরাপত্তার স্বার্থে নিরুপায় হয়ে তারা এমন করতে বাধ্য হয়েছেন। উদ্ধারকৃত তরুণী থানা হেফাজতে রয়েছে এবং সেখানে পরিবারের সদস্যরাও উপস্থিত রয়েছেন।
চাঞ্চল্যকর এমনতর ঘটনাটি ঘটেছে কক্সবাজারে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ পালাকাটা গ্রামে।
সোমবার (২২ মার্চ) দিবাগত গভীর রাত আড়াইটার দিকে পুলিশ নিজ ঘর থেকে শিকল পরা অবস্থায় এ তরুণীকে উদ্ধার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এটিএম সিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্দীদশা থেকে এ তরুণী মোবাইল ফোনের মাধ্যমে তাদের সাবেক ঢাবি শিক্ষার্থীদের একটি পেইজে ছবি পাঠিয়ে তাকে উদ্ধারের জন্য ঢাকাস্থ তার সহপাঠীদের নিকট সাহায্য চান। সহপাঠীরা এ অবস্থা দেখে তড়িৎ ঢাকাস্থ প্রশাসনকে অবগত করলে ওখান থেকে ঈদগাঁও থানাকে অবহিত করা হয়। পাশাপাশি ঈদগাঁওস্থ ঢাবি শিক্ষার্থী আহসানকেও বিষয়টি জানালে ঈদগাঁও পুলিশ তাকে নিয়ে মেয়েটিকে তার ঘরের রুম থেকে শিকল পরা অবস্থায় উদ্ধার করেন।
তিনি আরো জানান,পরিবারের সদস্যরা তাদের মেয়েটি মানসিক ভাবে অসুস্থ দাবি করেন এবং চলমান চিকিৎসা পত্র দেখিয়েছেন এবং নিরাপত্তার স্বার্থে তাদের এমন করতে হয়েছে জানান। তবে মেয়েটি তাকে অহেতুক বন্দী রেখেছে দাবি করেন।
ওসি জানান, উদ্ধারকালে মেয়েটির হাতে মোবাইল ফোন ছিল। আজ মেয়েটিকে চিকিৎসকের নিকট নিয়ে যাওয়া হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিবারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।