https://www.dailyshamolbangla.com/
দৈনিক আমার দেশ-এর প্রেস লক্ষ্য করে বোমা নিক্ষেপ এবং রাস্তায় অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ সুশীল ফোরাম (বিএসএফ)।
গত ২৫ অক্টোবর ২০২৬, রোববার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের লাভ রোড এলাকায় আমার দেশ পাবলিকেশন্সের প্রধান ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আমার দেশ-এর ছাপাখানার একজন নিরাপত্তাকর্মী আহত হন। একই সময়ে ঘটনাস্থলের কিছুটা সামনে আরও একটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। এ ঘটনায় আমার দেশ কর্তৃপক্ষ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি, বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক মোঃ জাহিদ; সাধারণ সম্পাদক ও দৈনিক আলো-এর সম্পাদক ডাঃ আল হাসান মোবারক; সিনিয়র সহ-সভাপতি এ এস এম শহীদুল্লাহ; সহ-সভাপতি নূর নবী রিপন, ফজলুর করিম শামীম, ডাঃ আবু আক্তার ডাঃ আবু হানিফ, ইন্জিনিয়ার আব্দুর রহিম, মোঃ আতিকুর রহমান; এবং সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদপত্রের কার্যালয় ও ছাপাখানা লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। এ ধরনের ন্যক্কারজনক হামলা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক। সংবাদমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সংবাদমাধ্যমের কার্যালয় ও ছাপাখানার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১০ সালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। একই সময়ে রাজধানীর তেজগাঁও সাত রাস্তার মোড়ে হাতুড়ি দিয়ে তাঁর গাড়িতে হামলার ঘটনাও ঘটে।
বিবৃতিতে বাংলাদেশ সুশীল ফোরামের নেতৃবৃন্দ বলেন, “আমরা আশা করি, সংবাদমাধ্যমের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলার পুনরাবৃত্তি ঘটবে না। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং মতপ্রকাশের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং ভবিষ্যতে সংবাদমাধ্যমের ওপর এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।