সরকারি রেশনের চাল ও গম অবৈধভাবে মজুত রাখার দায়ে এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে ১২ বস্তা সরকারি চাল ও ৩ বস্তা গম জব্দ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের ডাকবাংলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘হুমায়ুন স্টোরের’ স্বত্বাধিকারী মো. নুর হাসানকে (৪৪) খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও কার্যক্রম প্রতিরোধ আইন, ২০২৪-এর ৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডাকবাংলা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা সরকারি রেশনের ১২ বস্তা চাল ও ৩ বস্তা গম জব্দ করা হয়েছে।
তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।