১৭ রক্তদাতা ও চার সংগঠককে অ্যাওয়ার্ড, আত-তাকওয়া ইসলামী তরুণ সংঘকে সম্মাননা
কুমিল্লার নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রত্যয়ের উদ্যোগে ত্রৈমাসিক অগ্রগতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, নাঙ্গলকোট সার্ভিসিং সেল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের গত তিন মাসের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রমে গত তিন মাসে অগ্রণী ভূমিকা রাখায় পরিচালক, সহ-পরিচালক, কো-অর্ডিনেটর ও সম্পাদক—এই চার ক্যাটাগরিতে চারজনকে ‘বেস্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এ ছাড়া সংগঠনের সদস্যদের মধ্যে ১৫ বার বা তার বেশি স্বেচ্ছায় রক্তদান করেছেন এমন ১৭ জনকে ‘বেস্ট ব্লাড ডোনার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
এদিকে, নাঙ্গলকোটের বিভিন্ন মসজিদে স্বেচ্ছায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখায় আত-তাকওয়া ইসলামী তরুণ সংঘ নামের একটি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় সংগঠনের চলমান কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড সম্প্রসারণ, স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম জোরদার এবং ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রত্যয় সংগঠন ‘সংকল্প পাশে থাকার’ স্লোগানকে ধারণ করে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক, মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের সদস্যরা ভবিষ্যতেও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।