https://www.dailyshamolbangla.com/
কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় দুটি স্বতন্ত্র আধুনিক স্টেডিয়াম ও স্বয়ংক্রিয় ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠার সম্ভাব্য স্থান পরিদর্শনে আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রতিমন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের আগমনকে কেন্দ্র করে লাকসামের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হবে। তিনি বলেন, শিক্ষার্থী, কিশোর, তরুণ ও যুবসমাজকে সুস্থ ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে এবং মাদক থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা জরুরি। এ জন্য উপযুক্ত পরিবেশ ও উন্নত ক্রীড়া অবকাঠামো প্রয়োজন। ক্রীড়াঙ্গনের উন্নয়নে লাকসাম স্টেডিয়াম আধুনিকায়ন এবং নির্বাচনী এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ তৈরি করে ছেলে-মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বুধবার দুপুর ১২ টায় প্রতিমন্ত্রী উপজেলার মুদাফরগঞ্জ (উত্তর) ইউনিয়নের পাশাপুরে মো. আবুল কালাম হাই স্কুল ও কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। একই দিনে দুপুর ২ টায় তিনি ওই ইউনিয়নের বামন্ডা গ্রামে একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন এবং দুস্থদের মধ্যে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
পরে বিকাল তিনটায় লাকসাম স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিমন্ত্রী খেলাটি উপভোগ করার পাশাপাশি দুই উপজেলার বিভিন্ন ক্রীড়া ক্লাবের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করবেন।
লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মহোদয় বুধবার লাকসামে আগমন উপলক্ষে উপজেলায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে। অনুষ্ঠানস্থল এবং আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া যানজট নিরসন ও স্বাভাবিক চলাচল বজায় রাখতে ট্রাফিক পুলিশ বিশেষভাবে দায়িত্ব পালন করছে।”