https://www.dailyshamolbangla.com/
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অর্থ আত্মসাৎ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।
লিখিত বক্তব্যে সভাপতি জানান, কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিক্রমে তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, সংগঠনের সদস্যপদ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় ও আত্মসাৎ করেছেন তাঁরা।
এ ছাড়া সংগঠনের আর্থিক ও সাংগঠনিক হিসাব যথাযথভাবে বুঝিয়ে না দেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগও রয়েছে।
তিনি আরও জানান, এসব বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। পরে সার্বিক বিষয় পর্যালোচনা করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সমিতির উপদেষ্টা পরিষদ গঠন, সভাপতির পদের বৈধতা, সদস্য চাঁদা বৃদ্ধি ও আইনবিষয়ক সম্পাদক নিয়োগ নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগেরও ব্যাখ্যা দেন সভাপতি।
তিনি দাবি করেন, সংগঠনের গঠনতন্ত্র ও কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসব কার্যক্রম পরিচালিত হয়েছে।
এ সময় সাধারণ সম্পাদক মোহাম্মদ নীল মিয়াসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
তবে বহিষ্কৃত দুই নেতার বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।