যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
দিবসের সূচনায় সকালে সোনারগাঁ উপজেলা চত্বরে অবস্থিত স্বাধীনতা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আ. বাতেন মোল্লা, সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, রীভা গ্রন্থাগারের সাধারণ সম্পাদক আতা রাব্বী জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সোনারগাঁ স্টেডিয়ামে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহ উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শৃঙ্খলা ও দেশপ্রেমমূলক প্রদর্শনী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অপরদিকে, দিবসটি উপলক্ষে সোনারগাঁ উপজেলা উত্তর জামায়াতের উদ্যোগে বিজয় র্যালি, আলোচনা সভা এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ঐতিহাসিক আমিনপুর মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এছাড়া সোনারগাঁ উপজেলা প্রশাসন ও সোনারগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়।