কুমিল্লায় বাড়ছে হামের প্রকোপ। আক্রান্ত হয়ে ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে অন্তত ২১ শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১ জন এবং তিতাস উপজেলার ২ জন শিশুর ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির।
তিনি বলেন, কুমিল্লার পরিস্থিতি উদ্বেগজনক। আক্রান্তের সংখ্যা বাড়ছে। কুমিল্লায় ২১ শিশু চিকিৎসাধীন রয়েছে। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছে। বিভিন্ন উপজেলা থেকে তথ্য আসছে। আমরা সেগুলো সংগ্রহ করছি।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, হাম আক্রান্ত শিশুদের জন্য বিশেষ সেবা নিশ্চিত করতে আলাদা একটি ওয়ার্ড চালু করা হয়েছে।
গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং বর্তমানে ১৫ জন চিকিৎসাধীন রয়েছে।