1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২ বার

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্বসেরা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া ও মানসিকভাবে ইতিবাচক থাকাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশের প্রধান কোচ ডেভিড হেম্প।

শুক্রবার (৯ অক্টোবর) সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজ শুরুর আগে প্রস্তুতি, উইকেটের ধরন ও বিশ্বসেরা দলের বিপক্ষে নিজেদের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন প্রধান কোচ ডেভিড হেম্প।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় হেম্প বলেন, ‘আমরা একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। সেই সাথে এখানকার উইকেটে অনুশীলনও করেছি। এখানে মানিয়ে নেওয়া খেলোয়াড়দের জন্য কিছুটা চ্যালেঞ্জের ছিল। কারণ খেলোয়াড়রা যে ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত, তার চেয়ে এখানকার উইকেটগুলো একটু বেশি গতি ও বাউন্স ছিল।’

অপরিচিত পরিবেশ ও উইকেটের সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকলেও খেলোয়াড়েরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানান বাংলাদেশের প্রধান কোচ। প্রস্তুতির প্রথম কয়েক দিন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘খেলোয়াড়রা দারুণভাবে এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে এবং কন্ডিশনের সাথে মানিয়ে নিতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে তারা। এই কন্ডিশনগুলো আমাদের জন্য নতুন ও ভিন্ন। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রস্তুতির প্রথম চার–পাঁচ দিন আমাদের ভালো কেটেছে।’

আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। এমন শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে ক্রিকেটারদের মানসিকভাবে চাঙা থাকার ওপর গুরুত্ব দিচ্ছেন হেম্প। তার ভাষ্য, ‘আমরা বিশ্ব সেরা দলের বিপক্ষে খেলবো, এটা অস্বীকার করার কোন উপায় নেই। ওয়ানডে ও টি টোয়েন্টি দুই ফরম্যাটেই এক নম্বর দল অস্ট্রেলিয়া। মানসিকভাবে চাঙ্গা থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। দলের কাছ থেকে আমার প্রত্যাশা থাকবে, ম্যাচের মধ্যে মাঠে ইতিবাচক থাকা।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ড নারী দলের কাছে বৃষ্টি আইনে ৭২ রানে হেরেছে বাংলাদেশ। ফলে মূল সিরিজে মাঠে নামার আগে প্রস্তুতির ঘাটতি কাটিয়ে ওঠা ও প্রতিপক্ষের চ্যালেঞ্জ মোকাবিলা করাই হবে টাইগ্রেসদের লক্ষ্য।

এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও দেশটিতে কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ নারী দল। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৮ উইকেটে হেরেছিল টাইগ্রেসরা। দীর্ঘ ছয় বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামছে বাংলাদেশ নারী দল।

এবারের আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত একটি সিরিজ খেলেছে বাংলাদেশ। চলতি বছরের এপ্রিলে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল দলটি। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ভালো ফল পেতে হলে ব্যাটিং, বোলিং ও কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে।

পরিসংখ্যানেও অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে বাংলাদেশ। ওয়ানডেতে দুই দলের পাঁচবারের মুখোমুখি লড়াইয়ের প্রতিটিতেই হেরেছে টাইগ্রেসরা। টি-টোয়েন্টিতেও ছয়বারের দেখায় অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো জয় নেই বাংলাদেশের। তবে নতুন কন্ডিশনে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নেমে সেই ব্যবধান কমানোর সুযোগ পাবে বাংলাদেশ নারী দল।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net