শেরপুরের নকলায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নকলা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি।
পুরস্কার বিতরণ শেষে নজরুল বর্ষ উপলক্ষে নির্ধারিত বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।