কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৃহষ্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম ও সাধারন সম্পাদক সেলিম মাহমুদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। এসময় তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এসময় জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আকতার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আবদুল কাদের, সাবেক সভাপতি হারুন রশিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইছমাইল, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ছিদ্দিক, হামিদুল হক হামিদসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে গৌরব ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। এদিনে আমরা স্মরণ করি সেইসব বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। তাদের এই ত্যাগ কখনো বৃথা যেতে পারে না।
দিবসটি উপলক্ষে দেশপ্রেম, স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। এসময় তাদের মধ্যে ছিল গভীর শ্রদ্ধা ও দেশপ্রেমের আবেগঘন অনুভূতি।