গাজীপুর মহানগরের টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের সদ্য ঘোষিত কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শুক্কুর আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
তাঁর বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।
গ্রেপ্তার শুক্কুর আলী টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর নতুন বাজার রেলগেট এলাকার বাসিন্দা হান্নান মিয়ার ছেলে। গত ২২ আগস্ট ঘোষিত টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিতে তাঁকে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে রাখা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে শুক্কুর আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাতেও গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, শুক্কুর আলী টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সদ্য ঘোষিত কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।