পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহান মাহমুদ সোহাগ ও ছোটবাইশদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাইফুর ইসলাম জাহিদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক দাবি করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাঁদের রাজনৈতিকভাবে হেয় করা ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মামলা দায়ের এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গোডাউন রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি জিয়া মার্কেট এলাকায় গিয়ে শেষ হলে সেখানে মানববন্ধন করেন নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ছাত্রদল নেতা সোহান মাহমুদ সোহাগ ও তাইফুর ইসলাম জাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করা হয়েছে বলে তাঁরা মনে করেন। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, এ ধরনের মামলা ও সংবাদ প্রকাশের মাধ্যমে নেতাদের হয়রানি করা হচ্ছে। তাঁরা মামলার সুষ্ঠু তদন্ত, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশ বন্ধের দাবি জানান। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আজিজ মাহমুদ ও উপজেলা কৃষক দলের সদস্যসচিব আল ইমরান বিপ্লবসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহান মাহমুদ সোহাগ বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে একটি কুচক্রী মহল তাঁর চরিত্র হনন ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে তাঁর ও ছাত্রদল নেতা তাইফুর ইসলাম জাহিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। এসব ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
সোহাগ আরও বলেন, তাঁর ও জাহিদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটনে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের আবেদন জানাচ্ছেন তিনি। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।